নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩৮
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের দুতসে দান আজিয়া গ্রামে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ ও সরকারি কর্তৃপক্ষ শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য নিশ্চিত করেছে।
জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্গম ওই গ্রামে এই হামলা চালানো হয়। গ্রামটিতে প্রবেশের রাস্তা খুব সীমিত। তিনি আরও জানান, বর্তমানে ওই এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।
তবে স্থানীয় আইনপ্রণেতা হামিসু ফারু নিহতের সংখ্যা ৫০ বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘ডাকাত দলটি গান্ডো বন থেকে এসেছিল। তারা দুতসে দান আজিয়া গ্রামটি অবরুদ্ধ করে ফেলে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদের প্রত্যেককে লক্ষ্য করে গুলি চালানো হয়।’
নাইজেরিয়ায় স্থানীয়ভাবে এই সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ডাকাত’ হিসেবে পরিচিত। এরা মূলত জামফারা, কাতসিনা, কাদুনা, সোকোতো, কেব্বি এবং নাইজার রাজ্যের সীমান্তসংলগ্ন বনগুলোতে আস্তানা গেড়ে থাকে এবং সেখান থেকেই গ্রামগুলোতে হামলা চালায়।
নাইজেরীয় সেনাবাহিনী এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করতে কয়েক বছর ধরে ওই অঞ্চলে মোতায়েন রয়েছে, কিন্তু সহিংসতা কোনোভাবেই থামছে না।
সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ায় জিহাদি গোষ্ঠী এবং ডাকাতদের বাড়তে থাকা সহিংসতা মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছে। ওয়াশিংটন এই সহিংসতার বড় অংশকে খ্রিস্টানদের ওপর ‘নিপীড়ন’ হিসেবে চিহ্নিত করে গত বড়দিনে নাইজেরীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উত্তরের সোকোতো রাজ্যে আকস্মিক বিমান হামলা চালিয়েছিল।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় বোকো হারাম এবং তাদের প্রতিদ্বন্দ্বী উপদল ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (ইসওয়াপ)-এর নেতৃত্বাধীন জিহাদি বিদ্রোহে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক