ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গার্ড কমান্ডার নিহতের দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহামেদ পাকপৌর নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি দুটি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র। এই তিন সূত্রের বরাতে সংবাদটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বার্তা সংস্থাটি।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চল মিনাবের একটি স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
হরমুজগান প্রদেশের গভর্নর জানান, আজ সকালে মিনাবে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ৫১ জন শিক্ষার্থী নিহত এবং ৬০ জন আহত হয়েছে।
এর আগে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার জবাব দিতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান।
এছাড়া, মধ্যপ্রাচ্যের আরও বেশকিছু দেশ থেকে এরপর বিস্ফোরণের শব্দ শোনার কথা জানায় বার্তা সংস্থা এএফপি। সৌদি আরবের রাজধানী রিয়াদ, কাতারের রাজধানী দোহা, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, বাহরাইনের রাজধানী মানামা ও জর্ডান থেকে নিশ্চিত করা হয় সেখানকার মার্কিন ঘাঁটি ও সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এনটিভি অনলাইন ডেস্ক