খামেনির উপদেষ্টা ও আইআরজিসি প্রধান নিহত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের রেশ কাটতে না কাটতেই এবার আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর এবং শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি নিহতের খবর নিশ্চিত করেছে তেহরান। সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানে মার্কিন-ইসরায়েলি ভয়াবহ হামলায় তারা নিহত হয়েছেন। খবর মিডেল ইস্ট আই।
‘শীর্ষ নেতৃত্বের পতন’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রভাবশালী রাজনৈতিক উপদেষ্টা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি এই হামলায় প্রাণ হারিয়েছেন। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির পাশাপাশি তার কন্যা, জামাতা ও নাতি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল দেশটির গণমাধ্যম। শীর্ষ পর্যায়ের এই নেতাদের মৃত্যুতে ইরান এখন নজিরবিহীন নেতৃত্ব সংকটের মুখে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ‘বড় যুদ্ধ অভিযান’ ঘোষণার পর থেকেই তেহরানসহ বিভিন্ন প্রদেশের সামরিক ও প্রশাসনিক কেন্দ্রে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই বোমাবর্ষণ অব্যাহত থাকবে। ইতোমধ্যে দক্ষিণ ইরানের একটি স্কুলে হামলাসহ বিভিন্ন জায়গায় তিন শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডকে ‘মহা অপরাধ’ হিসেবে বর্ণনা করে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। এর পাল্টা জবাবে ইরান ইতোমধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরজিসি ঘোষণা করেছে, এই অভিযান শত্রুকে পরাজিত না করা পর্যন্ত থামবে না।
এই চরম উত্তেজনার মধ্যে ইরান দেশজুড়ে ৪০ দিনের শোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা এবং তেলের প্রধান রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় বিশ্বজুড়ে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক