হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে আঘাত : ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান মধ্যপ্রাচ্যের ‘সবকয়টি অর্থনৈতিক কেন্দ্রে’ প্রতিশোধমূলক হামলা চালাবে। খবর আলজাজিরার।
জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, ‘আমরা শত্রুকে বলছি যে, তারা যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত করার সিদ্ধান্ত নেয়, তবে আমরা এই অঞ্চলের সমস্ত অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানব।’
ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে জেনারেল জাব্বারি আরও বলেন, ‘আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারের উপরে এবং এটি শিগগিরই ২০০ ডলারে পৌঁছাবে।’
উল্লেখ্য যে, বিশ্বে বিক্রি হওয়া তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে রপ্তানি হওয়া বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই হরমুজ প্রণালীর জলপথ দিয়ে পরিবহন হয়। বিশ্বের দৈনিক তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ—অর্থাৎ প্রায় ২ কোটি ব্যারেল তেল—এই সংকীর্ণ জলপথ দিয়ে পার হয়।

এনটিভি অনলাইন ডেস্ক