ইরানে স্থল সেনা পাঠানো সময়ের অপচয় : ট্রাম্প
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে স্থল সেনা না পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে ইরানে মার্কিন স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা কেবল ‘সময়ের অপচয়’ ছাড়া আর কিছুই নয়। ট্রাম্পের দাবি, ইতোমধ্যে সিরিজ আকাশ ও নৌ-হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইরানে স্থল সেনা পাঠানোর কোনো প্রয়োজন নেই। তারা (ইরান) ইতোমধ্যে তাদের সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে এবং যা কিছু হারানোর ছিল তার সবই খুইয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি এক সতর্কবার্তায় বলেছিলেন, ইরানের মাটিতে কোনো বিদেশি সেনা পা রাখলে তা দখলদারদের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। আরাঘচির এই মন্তব্যকে স্রেফ ‘মূল্যহীন মন্তব্য’ বলে উপহাস করেছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে আকাশপথ ও দূরপাল্লার প্রযুক্তির মাধ্যমেই ইরানকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। অদূর ভবিষ্যতে সরাসরি স্থল যুদ্ধের কোনো পরিকল্পনা তাদের নেই।

এনটিভি অনলাইন ডেস্ক