এক লিটার তেলও হরমুজ প্রণালি দিয়ে যাবে না : ইরান
ইরানের সেনাবাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি বা সেপাহ) জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের যে-কোনো জাহাজকে হরমুজ প্রণালিতে (হামলার) লক্ষ্যবস্তু করা হবে৷ ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আম্বিয়া বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলেছে, জাহাজগুলোকে ‘‘বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে৷’’
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বাহিনী হরমুজ প্রণালী দিয়ে ‘‘এক লিটার তেলও চলাচল করতে দেবে না৷’’ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী পরিবহণ করা মোট তেলের প্রায় ২০% চলাচল করে৷
ইরান ও ওমানের মধ্যে সবচেয়ে সংকীর্ণ স্থানে অবস্থিত এই প্রণালিটি মাত্র ৩৩ কিলোমিটার (২১ মাইল) প্রশস্ত৷ সেখান দিয়ে যাওয়ার সময় জাহাজগুলো ইরানের ড্রোন এবং রকেটের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে৷ বুধবার, হরমুজ প্রণালির কাছে তিনটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে৷ এতে একটি জাহাজে আগুন লেগে যায়৷

ডয়চে ভেলে