শত্রুদের ওপর ‘সবচেয়ে কঠোর আঘাত’ হানার হুঁশিয়ারি আইআরজিসির
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রাখার কৌশল অব্যাহত থাকবে এবং শত্রুদের ওপর ‘সবচেয়ে কঠোর আঘাত’ হানা হবে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাঙ্গসিরি বলেন, সর্বাধিনায়ক মোজতবা খামেনির নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আনাদোলুর।
আলিরেজা তাঙ্গসিরি বলেন, উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ রাখার কৌশল বাস্তবায়ন অব্যাহত থাকবে এবং আগ্রাসী শত্রুর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
এর আগে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম প্রকাশ্য বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় এখন পর্যন্ত ১৩০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সংঘাতের কারণে প্রায় ৩২ লাখ ইরানি সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছেন।
অন্যদিকে ইরান পাল্টা হামলায় ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক