ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শীর্ষ নেতাদের অবস্থান বা পরিচয় সম্পর্কে তথ্য দিলে সর্বোচ্চ এক কোটি ডলার (১০ মিলিয়ন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় বলা হয়েছে, যেসব ব্যক্তি তথ্য দেবেন যার মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের শনাক্ত করা বা তাদের অবস্থান নির্ধারণ করা সম্ভব হবে, তাদের এই পুরস্কার দেওয়া হবে। খবর আনাদোলুর।
দেশটির শীর্ষ নেতাদের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, সর্বোচ্চ নেতার দপ্তরের উপপ্রধান আলি আসগর হেজাজি এবং সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভি।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব ব্যক্তি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন এবং বিশ্বজুড়ে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রাখেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন এবং তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় ১৩০০ জন নিহত হয়েছেন।
এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে হতাহতের পাশাপাশি বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং বৈশ্বিক বাজারেও প্রভাব পড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক