আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
সংযুক্ত আরব আমিরাতের ওপর অন্তত ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ শনিবার (২৮ মার্চ) আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমানগুলো সবগুলো লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত উপসাগরীয় এই দেশটিতে মোট ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ৮৭২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দীর্ঘ সংঘাতের ফলে এ পর্যন্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ২ জন সদস্য ও সেনাবাহিনীতে চুক্তিবদ্ধ ১ জন মরক্কান নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের মোট ৮ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ১৭৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতসহ মিশর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নাগরিকরাও রয়েছেন।
আজকের হামলার সময় আবুধাবি ও দুবাইয়ের বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহতের কারণে এই শব্দ সৃষ্টি হয়।
এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ প্রধান বিমানবন্দরগুলোতে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে। আমিরাত সরকার জানিয়েছে, তাদের প্যাট্রিয়ট এবং থাড প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চ সতর্কতায় রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় বদ্ধপরিকর।

এনটিভি অনলাইন ডেস্ক