লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৬৮
৩১ মার্চ বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়া মহাসড়কের সংলগ্ন একটি ভবনে চালানো ইসরায়েলি হামলার স্থান থেকে ধোঁয়া উঠছে। ছবি: এএফপি
ইসরায়েলের চলমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত দৈনিক প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত তিন হাজার ৭৫০ জন আহত হয়েছেন। খবর আনাদোলুর।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২১ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১২৫ জন শিশু এবং ৮৮ জন নারী রয়েছেন। একইভাবে আহতদের মধ্যে ৪২৩ শিশু ও ৪৭৩ নারী রয়েছে।
বিশ্লেষকদের মতে, লেবাননে চলমান এই হামলা দ্রুত একটি বড় মানবিক সংকটে রূপ নিচ্ছে। বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
বর্তমান পরিস্থিতিতে সহিংসতা বন্ধ এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে।

এনটিভি অনলাইন ডেস্ক