ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান তেহরানের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি
ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তি চুক্তিতে না পৌঁছালে ইরানের ওপর ‘ভয়াবহ আঘাত’ নেমে আসবে। তবে তেহরান এই হুমকিকে ‘অসহায় ও স্নায়ুচাপগ্রস্ত’ বলে প্রত্যাখ্যান করেছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মাহশাহর পেট্রোকেমিক্যাল জোনে অন্তত পাঁচজন নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়েও হামলার অভিযোগ তুলেছে তেহরান। খবর আল জাজিরার।
এদিকে, কুয়েত জানিয়েছে, ড্রোন হামলায় দেশটির একটি তেল স্থাপনায় আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, ইসরায়েল দক্ষিণ লেবাননের মারাকেহ শহরে বিমান হামলা চালালে অন্তত পাঁচজন নিহত হন। একই সময়ে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী বিক্ষোভ বাড়ছে। তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে শত শত মানুষ রাস্তায় নেমে যুদ্ধের প্রতিবাদ জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক অচলাবস্থা এবং আঞ্চলিক অস্থিরতা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল ও অনিশ্চিত হয়ে উঠছে।

এনটিভি অনলাইন ডেস্ক