বাহরাইনের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ইরানি ড্রোন হামলা
বাহরাইনের সরকারি মালিকানাধীন পেট্রোকেমিক্যাল কোম্পানি ‘গালফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কো.’ ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) ভোরে এই হামলা চালানো হয় বলে বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে জানানো হয়েছে, ড্রোন হামলায় কোম্পানির কয়েকটি অপারেশনাল ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে জরুরি সাড়া প্রদানকারী দলগুলোর দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জিপিআইসির পাশাপাশি বাহরাইনের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘বাপকো এনার্জি’ জানিয়েছে, তাদের একটি স্টোরেজ ফ্যাসিলিটিতেও (গুদাম) ড্রোন হামলায় আগুন লেগেছিল, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে বিশেষায়িত দলগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
এদিকে মধ্যসাগরে লেবাননের উপকূল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দূরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, জাহাজটি লেবাননের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছিল। কয়েক ঘণ্টা নজরদারির পর নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালানো হয়।
হিজবুল্লাহ আরও জানায়, হামলায় সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র।
তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক