পাকিস্তানে মুখোমুখি হচ্ছেন জেডি ভ্যান্স ও মোহাম্মদ বাঘের
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বহুল আলোচিত শান্তি আলোচনায় অংশ নিতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ইরানের সংবাদ সংস্থা ইসনার প্রতিবেদন অনুযায়ী, এই আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। অন্যদিকে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর আল জাজিরার।
আগামী শুক্রবার (১০ এপ্রিল) এই বৈঠকটি মূলত ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার ওপর ভিত্তি করে আয়োজিত হতে যাচ্ছে। এই আলোচনার মধ্য দিয়ে দশকের পর দশক ধরে চলা সংঘাত নিরসনের একটি পথ খোঁজা হবে।
আলোচনার মূল বিষয়গুলো হলো-
পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা: ইরানের পারমাণবিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি আলোচনার কেন্দ্রে থাকবে।
নিষেধাজ্ঞা: ইরানের ১০ দফা প্রস্তাবনায় গত ৪৫ বছর ধরে কার্যকর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
শর্তসাপেক্ষ সমঝোতা: প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান কেবল বর্তমান সংকট নয়, বরং দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধ অবসানের লক্ষ্য নিয়ে আলোচনার টেবিলে বসছে।
বিশ্লেষকদের মতে, জেডি ভ্যান্স ও গালিবফের মতো প্রভাবশালী নেতাদের সরাসরি অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে, উভয় পক্ষই এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী সমাধানের দিকে নিয়ে যেতে আগ্রহী। তবে ইরানের কঠোর ১০ দফা শর্ত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কতটুকু মেনে নেবে, তা নিয়েই এখন বিশ্বজুড়ে জল্পনা চলছে।

এনটিভি অনলাইন ডেস্ক