ইরান খুব নিম্নমানের কাজ করছে, অসম্মানজনকও বলতে পারেন : ট্রাম্প
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগে ইরানের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি তেহরানের এই ভূমিকাকে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন।
ট্রাম্প পোস্টে লেখেন, ‘হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান অত্যন্ত নিম্নমানের কাজ করছে, কেউ কেউ একে অসম্মানজনকও বলতে পারেন। আমাদের মধ্যে যে চুক্তি হয়েছে, এটি তার প্রতিফলন নয়!’
আরও পড়ুন : ট্রাম্প আশ্বস্ত করলেও হরমুজ পাড়ি দিতে নারাজ চার শতাধিক জাহাজ
আরও পড়ুন : অনিশ্চিত যুদ্ধবিরতি : ফের লাফিয়ে বাড়ছে তেলের দাম
উল্লেখ্য, দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখা। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, ইরান ওই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং শুল্ক আরোপের চেষ্টা করছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন এই জলপথ দিয়ে শতাধিক কার্গো জাহাজ যাতায়াত করত। কিন্তু যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত মাত্র দুটি তেল বা গ্যাস ট্যাঙ্কার এই পথ অতিক্রম করেছে। মেরিটাইম ট্রাফিক ডাটা অনুযায়ী, এখনও ৪ শতাধিক ট্যাঙ্কার এই অঞ্চলে আটকা পড়ে আছে।
এদিকে আজ শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা বসছে ইরান ও যুক্তরাষ্ট্রে প্রতিনিধি দল।

এনটিভি অনলাইন ডেস্ক