সৌদি আরবে পাঠানো হলো পাকিস্তানের যুদ্ধবিমান
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় নিরাপত্তা জোরদার করতে পাকিস্তান সৌদি আরবে যুদ্ধবিমান পাঠিয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিকে, ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা চলছে। খবর জিও নিউজের।
২০২৫ সালের সেপ্টেম্বরে রিয়াদ ও ইসলামাবাদ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এতে উভয় পক্ষই যেকোনো একটি দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনকে উভয়ের ওপর আক্রমণ হিসেবে গণ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। এটি উভয় দেশের মধ্যে কয়েক দশকের পুরোনো নিরাপত্তা অংশীদারত্বকে উল্লেখযোগ্যভাবে গভীর করেছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের যুদ্ধবিমান ও সহায়ক বিমান সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পৌঁছেছে।
এতে আরও বলা হয়, পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েনের লক্ষ্য হলো যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা-স্থিতিশীলতাকে সমর্থন করা।
পাকিস্তান দীর্ঘদিন ধরে প্রশিক্ষণসহ সৌদি আরবকে সামরিক সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে, সৌদি আরবও অর্থনৈতিক সংকটের সময়ে পাকিস্তানকে বারবার আর্থিকভাবে সমর্থন দিয়েছে।
২০১৮ সালে রিয়াদ পাকিস্তানের জন্য ৬০০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এর আওতায় পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ৩০০ কোটি ডলার জমা এবং বকেয়া রেখে ৩০০ কোটি ডলারের জ্বালানি তেল সরবরাহ করেছিল সৌদি আরব।

এনটিভি অনলাইন ডেস্ক