‘বিশ্বগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করবে ইরান’
পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের প্রস্থানই আঞ্চলিক দেশগুলোর কল্যাণ ও অগ্রগতির মূল চাবিকাঠি। খবর আল জাজিরার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় বিষয় ও আইন বিভাগের মহাপরিচালক হোসেইন নুশাবাদী রাষ্ট্র সমর্থিত আইএসএনএ সংবাদ সংস্থাকে বলেন, ‘উপসাগর থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ওপরই আঞ্চলিক দেশগুলোর স্বাচ্ছন্দ্য, কল্যাণ ও অগ্রগতি নির্ভর করছে।’
নুশাবাদী পারস্য উপসাগরকে ইরানের পরিচয় ও সভ্যতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই কৌশলগত সামুদ্রিক সম্পদের ওপর ভিনদেশিরা সবসময়ই ‘লোভী দৃষ্টি’ নিক্ষেপ করেছে।
পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার ক্ষেত্রে ইরানের ঐতিহাসিক বীরত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে হোসেইন নুশাবাদী বলেন, অতীতে যেমন বিদেশি শক্তিকে হটানো হয়েছে, তেমনি ইরান এখন ‘বিশ্বগ্রাসী আমেরিকার সামরিক অভিযানকেও’ সফলভাবে প্রতিহত করবে।

এনটিভি অনলাইন ডেস্ক