ভারতজুড়ে হঠাৎ ফোনে ‘ইমার্জেন্সি অ্যালার্ট’, চমকে উঠছেন ব্যবহারকারীরা
ভারতজুড়ে লাখ লাখ মোবাইল ব্যবহারকারীর ফোনে হঠাৎ করেই বেজে ওঠে তীব্র সাইরেন এবং স্ক্রিনে ভেসে ওঠে ‘এক্সট্রিমলি সিভিয়ার অ্যালার্ট’ বা অত্যন্ত জরুরি সতর্কবার্তা। ভারতের কেন্দ্রীয় সরকার তাদের নিজস্ব ‘সেল ব্রডকাস্ট’ জরুরি সতর্কতা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধনের অংশ হিসেবে আজ শনিবার (২ মে) এই পরীক্ষামূলক বার্তাটি পাঠিয়েছে। তবে এটি কেবল একটি কারিগরি পরীক্ষা হওয়ায় নাগরিকদের আতঙ্কিত না হতে বা কোনো পদক্ষেপ না নিতে বার্তাতেই স্পষ্ট করে জানানো হয়। খবর এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহযোগিতায় এই সিস্টেমটি চালু করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় তৈরি এই প্রযুক্তির বিশেষত্ব হলো, এটি ইন্টারনেট সংযোগ বা কোনো মোবাইল অ্যাপ ছাড়াই সরাসরি যেকোনো ফোনে জরুরি তথ্য পৌঁছে দিতে সক্ষম।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মূলে রয়েছে সি-ডট উদ্ভাবিত সমন্বিত প্ল্যাটফর্ম সচেত। এটি বর্তমানে ভারতের সবকয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া সতর্কবার্তায় ১৯টিরও বেশি ভাষায় ১৩৪ বিলিয়নের বেশি বার্তা পাঠানো হয়েছে।
প্রথাগত এসএমএস ব্যবস্থার চেয়ে ‘সেল ব্রডকাস্ট’ প্রযুক্তি অনেক বেশি উন্নত। এটি ফোনের সাইলেন্ট বা ‘ডু নট ডিস্টার্ব’ মোডকেও অগ্রাহ্য করে বিকট অ্যালার্ম বাজিয়ে ব্যবহারকারীর মনোযোগ আকর্ষণ করে। ভূমিকম্প, সুনামি ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি গ্যাস লিকেজ বা রাসায়নিক বিপদের মতো মনুষ্যসৃষ্ট সংকটেও এই ব্যবস্থা তাৎক্ষণিক সতর্কবার্তা পৌঁছে দেবে। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে যেকোনো পরিস্থিতিতে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটে অন্তর্ভুক্তিমূলক জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

এনটিভি অনলাইন ডেস্ক