শুভেন্দুকে এবার হারাতে পারবেন মমতা, কে এগিয়ে?
২০২১ সালের নন্দীগ্রামের সেই নির্বাচনটি ভুলে যেতে চাইবেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। যদিও পরে ভবানীপুরে উপনির্বাচন করে প্রিয়ঙ্কা টিব্রেওয়ালকে রেকর্ড ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তিনি।
এবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গা থেকেই নির্বাচন করছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভবানীপুর থেকে লড়ছেন। এবার সেই নন্দীগ্রাম নির্বাচনে হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছেন মমতা।
আরও পড়ুন: বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, শেষ হাসি কার?
আজ সোমবার (৪ মে) আনন্দবাজারের সর্বশেষ ফলাফল অনুযায়ী, ভবানীপুরে এগিয়ে আছেন মমতা।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ভবানীপুরে প্রথম রাউন্ড গণনার শেষে ১ হাজার ৯৯৬ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু পেয়েছেন ১ হাজার ৬৭০ ভোট। মমতা পেয়েছেন ৩ হাজার ৬৬৬ ভোট।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সর্বশেষ ফলাফল অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৩০ আসনে আর তৃণমূল এগিয়ে ১২৫ আসনে। কংগ্রেস দুইটি, সিপিএম একটি এবং অন্যান্যরা দুইটি আসনে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বুথফেরত জরিপের নানা ফল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
আরও পড়ুন: শিলিগুড়িতে পোস্টাল ব্যালট গণনা বন্ধ
আজ সকাল সাড়ে ৮টায় ভোট গণনা শুরু হয়। স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যেতে পারে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।
নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস উভয়েই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়েছে। গত নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানে কলকাতা মহানগরীর ১১টি আসনের মধ্যে সাতটি আসনের ভোট গণনা করা হবে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে মোট ২৯৪টি আসনে। এরমধ্যে ভোট গণনা করা হবে ২৯৩টি আসনের। একটি আসনে (ফলতা) পুনরায় ভোটগ্রহণ করা হবে এ মাসেই।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোট হয়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট নেওয়া হয় ১৬ জেলার ১৫২ আসনে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট নেওয়া হয় কলকাতাসহ ৭টি জেলার ১৪২টি আসনে।
ফলাফল ঘোষণার আগে রাজ্যটির সব রাজনৈতিক দল নজর রাখছে ভোট গণনার দিকে। সব দলই নিশ্চিত করতে চাইছে যেন গাফিলতি না হয় গণনার সময় বা কোনো প্রক্রিয়ায় যেন বিঘ্ন না ঘটে।

এনটিভি অনলাইন ডেস্ক