কবে কোন মুসলিম দেশে ঈদ
পবিত্র ঈদুল আজহা উদযাপনকে ঘিরে মুসলিম বিশ্বে শুরু হয়েছে প্রস্তুতি। রোববার (১৭ মে) বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে চাঁদ দেখার তারতম্যের কারণে সব দেশে একই দিনে ঈদ উদযাপিত হচ্ছে না। কোন দেশে কবে ঈদুল আজহা পালিত হবে, চলুন দেখে নেওয়া যাক।
সৌদি আরব
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার (১৭ মে) দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে সৌদি আরব।
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানিয়েছে, রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। সংস্থাটি ঘোষণা করেছে, আজ সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে।
ওমান
ওমান জিলহজ মাস গণনা শুরু ও ঈদুল আজহার তারিখ নিশ্চিত করেছে। দেশটিতে আজ সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
মালয়েশিয়া
মালয়েশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আজ সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া জিলহজ মাস গণনা শুরু ও ঈদুল আজহার তারিখ নিশ্চিত করেছে। দেশটিতে আজ সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
ব্রুনাই
ব্রুনাইয়ে রোববার (১৭ মে) নতুন চাঁদ দেখা যায়নি। তাই আজ ১৮ মে জিলহজ মাস শেষ হচ্ছে। আর মঙ্গলবার (১৯ মে) জিলহজ মাস শুরু হবে এবং ২৮ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
তিউনিসিয়া ও তুরস্ক
তিউনিসিয়া ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, আজ সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এনটিভি অনলাইন ডেস্ক