ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব : ট্রাম্প
ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে ও বাইরে যখন তীব্র সমালোচনা চলছে, ঠিক তখনই এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে তার সরকার যে চুক্তিটি করতে যাচ্ছে তা হবে অত্যন্ত ‘ভালো ও যথাযথ’। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের পরমাণু চুক্তির চেয়ে এটি বহুগুণ শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন।
রোববার রাতে (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। খবর আলজাজিরার।
পোস্টে বারাক ওবামার তীব্র সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, আমি যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি করি, তবে তা হবে অত্যন্ত জুতসই ও যথাযথ। এটি ওবামার করা চুক্তির মতো মোটেও হবে না—যে চুক্তির মাধ্যমে ইরানকে বিপুল পরিমাণ নগদ অর্থ দেওয়া হয়েছিল এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরির পথ সম্পূর্ণ পরিষ্কার ও উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।’
চলমান কূটনৈতিক আলোচনার স্পর্শকাতরতা এবং গোপনীয়তা বজায় রাখার দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমাদের চুক্তিটি আগের চেয়ে সম্পূর্ণ উল্টো বা বিপরীত। কিন্তু এখনও কেউ এটি দেখেনি বা জানে না এর ভেতরে কী আছে। এমনকি এর সব শর্ত নিয়ে এখনও চূড়ান্ত আলোচনাও শেষ হয়নি। সুতরাং, সেই সব ‘পরাজিত’ ব্যক্তিদের কথায় কান দেবেন না, যারা নিজেরা কিছু না জেনেই কোনো বিষয়ের সমালোচনা করতে ভালোবাসে।
পূর্বসূরিদের ব্যর্থতার দায় তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার আগে যারা ক্ষমতায় ছিলেন, এই সমস্যাটি বহু বছর আগেই তাদের সমাধান করা উচিত ছিল। কিন্তু তারা তা করেননি। তবে আমি তাদের মতো কোনো খারাপ বা দুর্বল চুক্তি করি না!
ডোনাল্ড ট্রাম্পের এই আত্মপক্ষ সমর্থনকারী পোস্টটি এমন এক সময়ে এল, যখন মার্কিন রাজনীতির ভেতরে তার বিরোধী পক্ষ এই চুক্তি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যে চুক্তিটি হতে যাচ্ছে, সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে কোনো ধারা বা আলোচনা অন্তর্ভুক্ত নেই।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, পারমাণবিক কর্মসূচিকে বাইরে রেখে ইরানের সাথে চুক্তি করলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। আর এই সমালোচনার জবাব দিতেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে বিরোধীদের ‘হতাশাবাদী’ আখ্যা দিয়ে নিজের চুক্তির পক্ষে সাফাই গাইলেন।

এনটিভি অনলাইন ডেস্ক