বাড়ার পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আহ্বানে সাড়া দিয়ে ইরান ও ইসরায়েল সাময়িকভাবে হামলা বন্ধের ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। খবর রয়টার্সের।
আজ মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ১১ ডলারে নেমে এসেছে। পাশাপাশি, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ঠিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের সেশনে লেবাননে হামলা ও ইরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলার জেরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার আশা ম্লান হয়ে গিয়েছিল। ফলে একলাফে তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত শেষ করার ঘোষণা দিলে এবং ট্রাম্পের যুদ্ধবিরতির তাগিদ সামনে এলে দামের সেই বড় লাফ কমতে শুরু করে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সরাসরি হামলা বন্ধের এই সাম্প্রতিক সিদ্ধান্তে বাজারে সাময়িক স্বস্তি এলেও, বিনিয়োগকারীরা এই সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী হবে বলে নিশ্চিত হতে পারছেন না। বাজার এখন দীর্ঘস্থায়ী সমাধানের চেয়ে সাময়িক স্বস্তি ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা— দুই দিকই পর্যবেক্ষণ করছে বলে তিনি যোগ করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে অবিলম্বে ‘গোলাগুলি বন্ধ’ করার আহ্বান জানানোর পর ইরান ও ইসরায়েল হামলা স্থগিতের ঘোষণা দেয়। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখে, তবে তারা আবারও পাল্টা আঘাত হানবে। আইজি বাজার বিশ্লেষক টনি সিকামোর বলেন, ট্রাম্পের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ হওয়া থেকে রক্ষা করলেও ভূরাজনৈতিক পটভূমি এখনও উত্তপ্ত এবং একটি স্থায়ী শান্তি চুক্তি এখনও অধরা।
ইসরায়েরলি টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি আবারও আক্রমণ করে তবে ইসরায়েল তার কঠোর জবাব দেবে। তবে অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওসে‘ প্রকাশিত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন যে ইসরায়েল যদি ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে জড়ায়, তবে ওয়াশিংটন পাশে থাকবে না।

এনটিভি অনলাইন ডেস্ক