ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে, তবে দেশটির ওপর ‘সর্বনাশ নেমে আসবে’। ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েল লেবাননে হামলা চালালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রস্তাবিত শান্তি চুক্তিটি টিকে থাকতে পারে। খবর আল জাজিরার।
ট্রাম্প বলেন, ‘আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না এবং চুক্তিতে এটি সুস্পষ্টভাবে বলা আছে। তবে তেহরানের পক্ষ থেকে বছরের পর বছর ধরে বারবার বলা হচ্ছে, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই এবং তাদের পরমাণু কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ জ্বালানির ওপরই কেন্দ্রীভূত।
ইসরায়েল লেবাননে হামলা চালালে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি টিকবে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, টিকবে। লেবাননের সংঘাতকে একটি ‘ছোট যুদ্ধ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ইরান হলো বড় যুদ্ধ। তবে সেখানে একটি ছোট কাঁটার মতো আছে যা ক্রমাগত মাথাচাড়া দিয়ে ওঠে, আর সেটি হলো হিজবুল্লাহ।’
মার্কিন প্রেসিডেন্ট বেশ জোরালো দাবি করে বলেন, যুক্তরাষ্ট্র তথা তিনি নিজে না থাকলে ‘ইসরায়েলের অস্তিত্ব থাকত না। কারণ আমি যা করেছি তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট ইচ্ছুক ছিলেন না।
ট্রাম্প জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ‘চমৎকার সম্পর্ক’ রয়েছে। তবে লেবাননের বিষয়ে তাকে আরও দায়িত্বশীল হতে হবে বলে তিনি সতর্ক করেন।
লেবাননে ইসরায়েলি সামরিক পদক্ষেপের সমালোচনা করে ট্রাম্প বলেন, কাউকে খোঁজার জন্য প্রতিবার একটি পুরো অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে ফেলার প্রয়োজন নেই। কারণ ওই ভবনগুলোতে অনেক লোক থাকে এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নয়।
ট্রাম্প আরও যোগ করেন, আমি ইসরায়েলকে পরামর্শ দিয়েছি হিজবুল্লাহর বিষয়টি সিরিয়ার ওপর ছেড়ে দিতে। কারণ সত্যি বলতে, আমার মনে হয় তারা (সিরিয়া) এই কাজটি আরও ভালোভাবে করবে।

নিজস্ব প্রতিবেদক