জব্দকৃত সম্পদের একটি অংশ দিয়ে ‘প্রয়োজনীয় পণ্য’ কিনবে ইরান
কাতারের দোহায় বৈঠকের পর ইরান জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের যুক্তরাষ্ট্র জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদের একটি অংশ ‘প্রয়োজনীয় পণ্য’ ক্রয়ে ব্যবহার করা হবে। বুধবার (২ জুলাই) এ ঘোষণা দিয়েছে দেশটি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান আলোচক কাজেম গরিবাবাদি বলেছেন, কাতারের কর্মকর্তাদের সঙ্গে তহবিলের একাংশ ব্যয় সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
গরিবাবাদি বলেন, কাতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রাথমিক ছয় বিলিয়ন ডলারের একটি অংশ ব্যয়ের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয় পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, আমাদের দেশের ঘোষিত চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য ক্রয় করে ইরানের জন্য সরবরাহ করা হবে।
দোহায় এক দফা আলোচনা সমাপ্ত করার পর কাজেম গরিবাবাদি এসব কথা জানালেন।
এদিকে, ইরানের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে।
ইরানের কর্মকর্তা বলেছেন, সমঝোতা স্মারকটির বাস্তবায়ন আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত ও পর্যালোচনা করার জন্য তিন পক্ষ একটি ‘জরুরি যোগাযোগ চ্যানেল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
গরিবাবাদি জানান, দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে ‘কোনো সরাসরি বৈঠক’ অনুষ্ঠিত হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক