আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭, পানিবন্দি ৭ লাখের বেশি মানুষ
ভারতে আসামের সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাজ্যের ১১টি জেলায় এখন পর্যন্ত অন্তত ৭ লাখ ২১ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানিয়েছে আসামের ‘ডিজেস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (ডিআরআইএমএস)। এছাড়া বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। খবর এনডিটিভির।
সংস্থাটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বানের পানিতে ভেসে গেছে প্রায় ৯০০টি গ্রাম। দুর্গত জেলাগুলোর মধ্যে রয়েছে- কারবি আংলং, গোলাঘাট, চরাইদেও, কামরূপ, শিবসাগর, জোরহাট, ডিব্রুগড়, নওগাঁ, ধেমাজি, হোজাই ও কামরূপ (মেট্রো)। বন্যার পানির নিচে তলিয়ে গেছে ২৪ হাজার ৮৯৭ হেক্টরেরও বেশি ফসলি জমি।
বন্যা সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে শিবসাগর জেলায়, যেখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১৯৫ জন। এর পরেই রয়েছে চরাইদেও (১ লাখ ১০ হাজার ৭৫৫ জন), জোরহাট (৯৭ হাজার ৬৯০ জন) এবং ডিব্রুগড় (১৩ হাজার ৩৯০ জন)। গত ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে অন্তত ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসন ১০৬টি ত্রাণশিবির এবং ৩৮১টি ত্রাণ বিতরণ কেন্দ্রসহ মোট ৪৮৭টি কেন্দ্র চালু করেছে। এসব ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ২৪ হাজার ৪১৮ জন মানুষ। আর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর মাধ্যমে সরাসরি সহায়তা পাচ্ছেন আরও প্রায় ২ লাখ ৯০ হাজার ৮২৬ জন বানভাসি।
মনুষ্য দুর্ভোগের পাশাপাশি গৃহপালিত পশুপাখির ওপরও ব্যাপক প্রভাব পড়েছে। বন্যায় প্রায় ১ লাখ ৩৮ হাজার ৯৬৫টি গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫০০টি হাঁস-মুরগিসহ অন্তত ৫৪০টি প্রাণী বানের পানিতে ভেসে গেছে।
পরিস্থিতি আরও জটিল করে তুলেছে অঞ্চলের প্রধান নদীগুলোর পানির উচ্চতা। বর্তমানে পাঁচটি প্রধান নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ছেনি মারিতে (খোওয়াং) বুড়িডিহিং, শিবসাগরে দিখৌ, নুমাগড়ে ধানসিঁড়ি (দক্ষিণ), শ্রীভূমিতে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এছাড়া নাংলামুড়াঘাটে দিসাং নদী সর্বকালের সর্বোচ্চ সীমা (এইচএফএল) অতিক্রম করেছে।
দুর্গত এলাকাগুলোতে জোরকদমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। ১১১টি মেডিকেল টিম এবং ৫৬টি নৌকা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। ইতোমধ্যে ৮ হাজার ৪০৯ জন মানুষ এবং ৩৫টি গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বিচ্ছিন্ন ও দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিতে ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক