মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
টানা ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে মোতায়েন থাকা এবং নাবিকদের চরম মানসিক ও শারীরিক দুর্ভোগের খবরের মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা তাদের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকনকে’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর স্থানে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটনকে’ মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নালের’ এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে মোতায়েন করা হয় এবং চলতি বছরের জানুয়ারিতে ইরানের সঙ্গে সংঘাতের প্রাক্কালে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। মার্কিন সামরিক বাহিনীর ‘অপারেশন এপিক ফিউরিতে’ অংশ নেওয়ার পর থেকে এটি ইরানের সমুদ্রপথে সামরিক অবরোধ বাস্তবায়নে নিয়োজিত রয়েছে। তবে গত ২০০ দিনে কোনো বন্দরে না ভিড়ে একটানা সমুদ্রে অবস্থান করায় এতে থাকা নাবিকদের কাজের পরিবেশ ও জীবনযাত্রা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়।
নাবিকদের নিরাপত্তা ও সুপেয় পানির ঘাটতিসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাওকে চিঠি লিখেছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তিনি জানান, রণতরীতে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, বিশুদ্ধ পানির দূষণ, পয়োনিষ্কাশন ব্যবস্থার চরম বিপর্যয় এবং নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে।
একই বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মার্লিন স্টুটজম্যান সিএনএনকে বলেন, দেশের সুরক্ষায় নিয়োজিত সামরিক সদস্যদের মৌলিক চাহিদা ও সঠিক দেখভাল নিশ্চিত করা পেন্টাগনের প্রধান দায়িত্ব। পরিস্থিতি পর্যালোচনা করে পেন্টাগনের কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হবে।

এনটিভি অনলাইন ডেস্ক