হরমুজ প্রণালিতে সেনা ও নৌযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া : রিপোর্ট
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মুক্ত নৌ চলাচল নিশ্চিত করতে চলতি বছরের শেষ নাগাদ সামরিক সম্পদ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। সরকারি ও সামরিক সূত্রের বরাতে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্সের।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর উদ্দেশ্যে চলতি মাসেই মন্ত্রিসভার অনুমোদন শেষে জাতীয় সংসদে একটি সম্মতি প্রস্তাব পেশ করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার।
দক্ষিণ কোরিয়া সরকার যে বিকল্পগুলো বিবেচনা করছে তার মধ্যে রয়েছে— মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বা সামুদ্রিক টহল বিমান, লজিস্টিক সাপোর্ট ভেসেল এবং মাইন শনাক্ত ও অপসারণের বিশেষ দল পাঠানো। এই সম্ভাব্য সহায়তার পরিধি ও ধরন কেমন হবে, সে বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের সঙ্গে বৈঠক ও আলোচনা শুরু করেছে।
তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ‘ব্লু হাউস’ এক বিবৃতিতে জানিয়েছে, প্রণালিতে মুক্ত নৌ চলাচলে কীভাবে বাস্তবমুখী সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা চললেও সেনাবাহিনী পাঠাতে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে— এমন খবর ‘সত্যের চেয়ে কিছুটা ভিন্ন’।
এর আগে আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিযোগ করেছিলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দক্ষিণ কোরিয়া সরাসরি সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় তিনি সিউলের সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিধি কমিয়ে দিয়েছেন। ওয়াশিংটনের সেই অর্থনৈতিক ও সামরিক চাপের পর এবার হরমুজ প্রণালিতে সেনাবহর পাঠানোর প্রস্তুতি নিচ্ছ সিউল।

এনটিভি অনলাইন ডেস্ক