মেক্সিকোয় ক্ষমতাসীন দলের আইনপ্রণেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
মেক্সিকোর ক্ষমতাসীন ‘মোরেনা’ পার্টির সংসদ সদস্যকে পূর্বঞ্চলীয় ভেরাক্রুজ অঙ্গরাজ্যে নিজ গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় মৃত উদ্ধার করা হয়েছে। দেশটির স্থানীয় ও ফেডারেল নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই ঘটনা ঘটল।
স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপকূলীয় ও খনিজ তেল সমৃদ্ধ রাজ্য ভেরাক্রুজের প্রতিনিধি ও ফেডারেল আইনপ্রণেতা জেনিয়াজেন এসকোবারকে তার গাড়ির ভেতর গুলির ক্ষতসহ মৃত পাওয়া যায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল লিসবেথ জিমেনেজ সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনার একটি তদন্ত মামলা নথিভুক্ত করা হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। তবে ভেরাক্রুজের জেনারেল সেক্রেটারি রিকার্ডো আহুয়েদ জানান, আইনপ্রণেতার গাড়িতে বাইরে থেকে হামলা বা কোনো সহিংসতার লক্ষণ দেখা যায়নি।
মেক্সিকোর কংগ্রেসের নিম্নকক্ষ এসকোবারের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জোর দাবি জানিয়েছে।
আগামী ৬ জুন মেক্সিকোতে মেয়র, রাজ্য বিধানসভা, সিটি কাউন্সিল ও গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির মানবাধিকার সংস্থা ‘ডাটা সিভিকার’ তথ্য অনুযায়ী, শুধু গত জুলাই মাসেই মেক্সিকোর ১১টি রাজ্যে অন্তত ৩০টি রাজনৈতিক-অপরাধমূলক সহিংসতার ঘটনা ঘটে, যার মধ্যে ১৪টিই ছিল হত্যাকাণ্ড। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে জাকাতেকাস, মিচোয়াকান, কুইন্টানা রো, ওয়াহাকা, বাজা ক্যালিফোর্নিয়া এবং ভেরাক্রুজে।
মেক্সিকোর জাতীয় নির্বাচনি সংস্থা (আইএনই) সতর্ক করে জানিয়েছে, রাজনৈতিক প্রক্রিয়ায় সংগঠিত অপরাধী চক্রগুলোর প্রভাব ও সহিংসতা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভোট চলাকালীন সশস্ত্র গ্যাং কর্তৃক ভোটারদের ভয় দেখানো, ভোট জালিয়াতি এবং ব্যালট পেপার পোড়ানোর মতো ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে।

এনটিভি অনলাইন ডেস্ক