ভারতসহ ১০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন একটি নিষেধাজ্ঞা বিল পাস করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ‘দ্য লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অফ ২০২৬’ নামের এই বিলটি পাস হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও তার বাণিজ্যিক অংশীদারদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। খবর দ্য গার্ডিয়ানের।
এই বিলের মূল উদ্দেশ্য হলো রাশিয়ার জ্বালানি খাত, সামরিক শক্তি এবং অবৈধভাবে তেল পরিবহণকারী গোপন জাহাজগুলোকে অচল করে দেওয়া। এছাড়া রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা ও লেনদেন চালিয়ে যাওয়ার কারণে ১০টি দেশের ওপর পরোক্ষ নিষেধাজ্ঞা বা অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশগুলো হলো- ভারত, চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, হাঙ্গেরি, কাজাখস্তান, কিরগিজস্তান, সিঙ্গাপুর ও স্লোভাকিয়া।
তবে বিলটি নিয়ে মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইউক্রেনের কট্টর সমর্থক হওয়া সত্ত্বেও অনেক প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য এই বিলের বিরোধিতা করছেন।
তাঁদের মতে, ট্রাম্পকে অতিরিক্ত শুল্ক আরোপের একক ক্ষমতা দেওয়া বিপজ্জনক হতে পারে। এর ফলে মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো দূরে সরে যেতে পারে।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বিলটি দ্রুত আইনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার অর্থনীতিকে অচল করতে শক্ত অবস্থান নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। চলতি সপ্তাহেই মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটির ওপর চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক