এআইয়ের বেড়াজালে মন্ত্রিত্ব গেল দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর!
দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন আজ রোববার (২২ নভেম্বর) পদত্যাগ করেছেন। দেশটির জাতীয় পর্যায়ে কলেজ ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল রোধে নেওয়া কিছু পদক্ষেপের কারণে সৃষ্ট বিভ্রান্তির জেরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
প্রেসিডেন্টের মুখপাত্র কাং ইউ-জুং জানিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগের ঘোষণা দেওয়ার প্রায় এক ঘণ্টা পর প্রেসিডেন্ট লি জায়ে-মিউং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
কাং ইউ-জুং আরও জানান, চোই কিও-জিনের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াটি প্রচলিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হবে।
‘কলেজ স্কলাস্টিক এবিলিটি টেস্ট (সিএএসটি)’ হলো দক্ষিণ কোরিয়ার কলেজ পর্যায়ে ভর্তি পরীক্ষা, যা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
পদত্যাগের কারণ হিসেবে চোই কিও-জিন বলেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার দায়ভার এবং সেই সংক্রান্ত সমালোচনা থেকে আমি নিজেকে মুক্ত মনে করি না। তিনি আরও যোগ করেন, পরীক্ষা শেষ হওয়ার পর, আমি গভীর দায়বদ্ধতা অনুভব করেছি এবং পদত্যাগ করেছি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষার সময় প্রায় ১০০ জন পরীক্ষার্থীকে নকল করার দায়ে ধরা হয়েছে। এ বছর মোট ৫ লাখ ৫১ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন, যা দেশটির ১ হাজার ৩১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সরকার সিদ্ধান্ত নিয়েছে, যারা নকল করার সময় ধরা পড়েছে, তাদের আগামী ১০ বছর পর্যন্ত পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
এ ছাড়া নকলের ঘটনা সম্পর্কে তথ্য প্রদানকারীদের জন্য ১০ কোটি ওন (প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার) পর্যন্ত পুরস্কার দেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের।
এই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে একটি অভিযোগের কারণে—বলা হচ্ছে, আইন স্কুলে ভর্তির জন্য আয়োজিত ‘লিগ্যাল এডুকেশন এলিজিবিলিটি টেস্ট’-এ পূর্ণ নম্বর পাওয়া ৩২ বছর বয়সী এক ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নকল করেছিলেন।
পুলিশ জানায়, লি জিন-উ নামের ওই ব্যক্তি সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির দন্তচিকিৎসা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাকে বৃহস্পতিবার পূর্ব সিউলের একটি মোটেল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক