যুক্তরাষ্ট্রের তিন গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাসহ (সিআইএ) আরও অন্তত দুটি গোয়েন্দা সংস্থার কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি শনাক্ত হওয়া এই সাইবার অনুপ্রবেশের ফলে সংস্থাগুলোর কিছু তথ্য ফাঁস হয়ে গেছে বলে মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, হ্যাকারদের এই অনুপ্রবেশ সংস্থাগুলোর একটি ‘ওপেন-সোর্স ইন্টেলিজেন্স’ বিশ্লেষণ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এই কম্পিউটার নেটওয়ার্কটি মূলত জনসাধারণের জন্য উন্মুক্ত ও অশ্রেণিবদ্ধ তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়।
ঠিক কোন ধরনের তথ্য বেহাত হয়েছে তা সুনির্দিষ্টভাবে স্পষ্ট না হলেও অত্যন্ত গোপনীয় বা শ্রেণিবদ্ধ (ক্লাসিফায়েড) কোনো তথ্য ঝুঁকির মুখে পড়েনি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। দুটি সূত্র জানিয়েছে, সিআইএ ছাড়াও ন্যাশনাল জিওস্প্যাশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি (এনজিএ) এবং অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই) এই সাইবার হামলার শিকার হয়েছে। তবে ইতোমধ্যে এই সমস্যার সমাধান করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, হ্যাকাররা এই অনুপ্রবেশের ক্ষেত্রে ‘আর্টেক্স’ নামক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক হ্যাকিং টুল ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে এক চীনা প্রকৌশলী আর্টেক্স তৈরি ও প্রকাশ করেছিলেন। সাইবার নিরাপত্তা গবেষকরা ইতোমধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বজুড়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চালানো অসংখ্য সাইবার হামলার সঙ্গে এই টুলটির সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন।
মার্কিন কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্যমতে, গত জুলাই মাসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা এই টুলটি মূলত প্রতিষ্ঠানগুলোকে সাইবার প্রতিরক্ষায় সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হ্যাকাররা এটিকে সাইবার হামলার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এই ওপেন-সোর্স সিস্টেম হ্যাক করার পেছনে কারা দায়ী, তদন্তকারীরা এখনও তা নিশ্চিতভাবে জানতে পারেননি। তবে আর্টেক্স টুলের ব্যবহারসহ প্রাথমিক কিছু লক্ষণ থেকে ধারণা করা হচ্ছে, এর পেছনে চীনের হাত থাকতে পারে। পশ্চিমা কর্মকর্তাদের অভিযোগ, চীনের গোয়েন্দা সংস্থা এবং তাদের বিশাল ঠিকাদার নেটওয়ার্ক দীর্ঘ বছর ধরে মার্কিন সরকারি সংস্থা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়ে আসছে। যদিও বেইজিং বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এনটিভি অনলাইন ডেস্ক