‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’ ছাত্রীকে অশ্লীল বার্তা পাঠিয়ে গ্রেপ্তার শিক্ষক
দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে হোয়াটসঅ্যাপে ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’সহ একাধিক আপত্তিকর ও অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গুণা জেলায় এক সরকারি স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নরেন্দ্র কুশওয়াহা।
আজ বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভুক্তভোগী ছাত্রী জেলা কালেক্টর, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং স্কুলের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
অভিযোগে ওই ছাত্রী জানায়, গত ১৪ নভেম্বর শিশু দিবসের দিন শিক্ষক নরেন্দ্র কুশওয়াহা তার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা শুরু করেন। এরপর ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে তিনি হোয়াটসঅ্যাপে একের পর এক আপত্তিকর বার্তা পাঠাতে থাকেন। এ সময় বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন।
এনডিটিভির হাতে আসা ওই হোয়াটসঅ্যাপ বার্তাগুলোতে দেখা যায়, শিক্ষক ছাত্রীকে লিখেছেন, ‘বিকেল ৫টায় কি তুমি ফ্রি আছ? চলো বাইরে যাই, রাত ৮টার মধ্যে ফ্রি হয়ে যাবে।’ আরেকটি বার্তায় তিনি লেখেন, ‘তুমি অন্যদের থেকে আলাদা’ এবং ‘তোমাকে আমার দেখাশোনা করতে হবে’। এ ছাড়া তিনি ওই ছাত্রীকে ‘নিজের পছন্দের পোশাক পরতে’ বলেন এবং ‘তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার’ মতো আপত্তিকর আবদার করেন।
ভুক্তভোগী ছাত্রী আরও অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক স্কুলের কম্পিউটার ল্যাবের একটি অংশ পর্দা দিয়ে ঘিরে একটি ‘গোপন কক্ষ’ তৈরি করেছিলেন। ছাত্রীদের সেখানে ডেকে নিয়ে কথা বলতেন তিনি। কেউ এতে আপত্তি জানালে বা কথাবার্তা বলতে অস্বীকৃতি জানালে পরীক্ষায় নম্বর কেটে নেওয়ার হুমকি দিতেন ওই শিক্ষক।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক নরেন্দ্র কুশওয়াহা স্কুলের আরও কয়েকজন ছাত্রীর সঙ্গেও একই ধরনের অনুচিত ও আপত্তিকর কথাবার্তা বলেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক