করিমপুরে সোহমের দাপট, বরানগরে পিছিয়ে সায়ন্তিকা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার শুরু থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীদের মধ্যে মিশ্র ফলাফল লক্ষ্য করা যাচ্ছে।
নদীয়ার করিমপুর আসনে ঘাসফুল শিবিরের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ২৪৭ ভোটে এগিয়ে রয়েছেন। সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী প্রভাস মজুমদার। নিজের চেনা কেন্দ্র ছেড়ে এবার করিমপুরে লড়াই করতে আসা সোহমের এই লিড তৃণমূল শিবিরে স্বস্তি জোগাচ্ছে।
তবে করিমপুরে সোহম স্বস্তিতে থাকলেও বরানগর আসনে অস্বস্তিতে রয়েছেন তৃণমূলের আরেক তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের গণনা শেষে তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষের চেয়ে প্রায় ৩ হাজার ৫০০ ভোটে পিছিয়ে পড়েছেন।
গত উপনির্বাচনে এখান থেকে জয়ী হলেও এবার সায়ন্তিকার শুরুটা কিছুটা ধাক্কা দিয়েই হয়েছে। তবে এই পিছিয়ে থাকাকে এখনই চূড়ান্ত বলে মানতে নারাজ তিনি। সায়ন্তিকার মতে, এখনও অনেক রাউন্ড গণনা বাকি আছে এবং ফলাফল যেকোনো সময় বদলে যেতে পারে।
গণনা চলাকালীন ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সায়ন্তিকা বলেন, ‘মানুষ আমাদের ভোট দিয়েছে, মানুষ আমাদের জেতাবে। আমি নিশ্চিত সব ভালো হবে। এখনও অনেক সময় আছে। আরও দু-তিন ঘণ্টা পার হতে দিন, সবকিছু ভালো হবে।’ তিনি জয়ের ব্যাপারে পূর্ণ আস্থা প্রকাশ করে নিজের লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা ব্যক্ত করেন। পিছিয়ে থাকলেও অভিনেত্রীর শরীরী ভাষায় এখনও পরাজয়ের কোনো ছাপ দেখা যায়নি।
ভোটের চূড়ান্ত ফলাফল আসার আগে পর্যন্ত এখন সবার নজর এই দুই তারকার কেন্দ্রের দিকে, শেষ পর্যন্ত করিমপুর ও বরানগরের ভাগ্য কোন দিকে ফেরে সেটাই দেখার বিষয়।

বিনোদন ডেস্ক