আদিবাসী সাজে নাচলেন রাহুল গান্ধী
ভারতের ছত্তিশগড় রাজ্যের রাইপুরে তিন দিনের জাতীয় আদিবাসী নৃত্য উৎসবে আদিবাসীদের পোশাক পরে নাচলেন ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
গতকাল শুক্রবার শুরু হওয়া তিন দিনের এই উৎসবে ভারতের ২৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ১৩৫৯ জনের বেশি আদিবাসী শিল্পীরা অংশ নেন। মূলত ভারতের আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা এই নৃত্য উৎসবের মাধ্যমে। এই উৎসব আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপুর্ণ বলে উল্লেখ করে টুইটও করেন রাহুল গান্ধী।
ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার দন্ডামি মাদিয়া আদিবাসী সম্প্রদায়ের এই নাচে পুরুষরা মূলত মাথায় বাইসনের সিংয়ের টুপি পরে মাদল বাজিয়ে এবং নারীদের সঙ্গে নিয়ে নাচ করেন।
রাহুল গান্ধী শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আদিবাসীদের বিশেষ পোশাক পরে রীতিমতো কোমর দুলিয়ে মাদলের তালে তালে নাচলেন।

কলকাতা সংবাদদাতা