ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করতে এফবিআইকে চিঠি
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনী কর্মকর্তাকে ভোটের ফলাফল পাল্টে দেওয়ার কথা বলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এফবিআইকে চিঠি দিয়েছেন দেশটির দুজন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্য। এনবিসি নিউজ এ কথা জানিয়েছে।
কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য টেড লিউ ও ক্যাথলিন রাইস গতকাল সোমবার এফবিআই পরিচালক ক্রিস ওরেই বরাবর চিঠি দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন কোনো বিচারের দৃষ্টান্ত নেই। এ ক্ষেত্রে ফেডারেল আদালত থেকে প্রেসিডেন্ট নিজেকে ক্ষমা করিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারেন। যদিও কোনো অঙ্গরাজ্য আইনে তাঁর অপরাধের দায় মুক্তি নেওয়ার সুযোগ প্রেসিডেন্টের নেই।
নিউইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল প্রিট ভারারা বলেছেন, ‘কেন্দ্রীয় ও জর্জিয়ার নির্বাচনী আইনে পরিষ্কার করে বলা আছে, ভোট জালিয়াতি-কারচুপিতে ইন্ধন দেওয়া বা উৎসাহিত করা দণ্ডযোগ্য অপরাধ।’
ট্রাম্প গত শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারকে ফোন করেন। তাদের দীর্ঘ ফোনালাপের অডিও দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পরের দিন রোববার প্রথম প্রকাশ করলে যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় শুরু হয়।

এনটিভি অনলাইন ডেস্ক