তালেবান সদস্যদের ‘ভাই’ বললেন হামিদ কারজাই
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবান সদস্যদের ‘ভাই’ বলে সম্বোধন করছেন।
২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন কারজাই। এরপর থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকারে হামিদ কারজাই তালেবান সদস্যদের ‘ভাই’ সম্বোধন করেন। সাক্ষাৎকার দেওয়ার আগে তালেবানের সঙ্গে বৈঠকে বসেছিলেন কারজাই। তিনি বলেন, ‘আমি তালেবান সদস্যদের ভাইয়ের মতো দেখি। এ ছাড়া আফগানদেরও ভাইয়ের মতো দেখি।’
কারজাই বলেন, যখন ক্ষমতায় ছিলেন, তখন তালেবান সদস্যদের ভাই বলে সম্বোধন করলে যে উদ্দেশ্য থাকত, এখনও সে উদ্দেশ্য নিয়েই তাঁদের ভাই বলে সম্বোধন করেছেন তিনি।
তালেবানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন কারজাই। এ ছাড়া তালেবান ক্ষমতা দখলের পর যাঁরা দেশ ছেড়েছেন, তাঁদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
হামিদ কারজাই বলেন, ‘এটা আমাদের দেশ। আমরা এ মাটির সন্তান। আমাদের উচিত হবে না এ মাটি ছেড়ে যাওয়া। এ দেশের মঙ্গলের জন্য আমাদের এখানে থাকা উচিত। যারা দেশ ছেড়ে চলে গেছেন, তাঁদের প্রতি আমি আহ্বান জানাই, দেশে ফিরে আসুন, দেশের মঙ্গলে কাজ করুন।’
আফগানিস্তানে সবাইকে নিয়ে, সবার কাছে গ্রহণযোগ্য একটি সরকার গঠনের ওপর জোর দিয়েছেন কারজাই। তিনি বলেন, ‘এটা আপনার দেশ। চলুন এক সঙ্গে দেশ গঠনে কাজ করি। আমার সঙ্গে তালেবানের আলোচনা হয়েছে।’
নারী ও কন্যাশিশু ইস্যুতেও প্রশ্ন করা হয়েছিল কারজাইকে। এ প্রসঙ্গে তিনি বলেন, তালেবানের সঙ্গে নারী ইস্যুতে তাঁর কথা হয়েছে। নারীরা যাতে কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে পারে, সে ব্যাপারে তালেবান সম্মত হয়েছে।
এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনে আন্তর্জাতিক মহলকে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে তালেবান সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন কারজাই।

এনটিভি অনলাইন ডেস্ক