মার্কিন মহাকাশ বাহিনীর সদস্যরা পরিচিত হবেন ‘গার্ডিয়ান্স’ নামে
যুক্তরাষ্ট্রের নবগঠিত মহাকাশ বাহিনীর সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবগঠিত মহাকাশ বাহিনীর সদস্যদের নাম ঘোষণা করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এখন থেকে সশস্ত্র বাহিনীর নবগঠিত এই শাখার সদস্যরা ‘গার্ডিয়ান্স’ নামে পরিচিত হবেন। এক টুইট বার্তায় এ নামকরণের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনী।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, বছরব্যাপী সাধারণ জনগণের জমা দেওয়া শত শত নাম এবং মহাকাশ বিশেষজ্ঞদের গবেষণার পর নবগঠিত এই বাহিনীর সদস্যদের নাম চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার বাহিনীটির প্রথম বর্ষপূর্তিতে এই ঘোষণা দেন পেন্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত অন্যতম নীতি হিসেবে এই বাহিনী গঠন করা হয়।
সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পর নতুন এই বাহিনী গঠন করেছে যুক্তরাষ্ট্র। ১৯৪৭ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নতুন কোনো সামরিক সেবা চালু করা হলো।

এনটিভি অনলাইন ডেস্ক