ক্যারিবীয় আকাশসীমার নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের লক্ষ্যে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের পর ক্যারিবীয় অঞ্চলের আকাশসীমা থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে মার্কিন পরিবহণ দপ্তর এই ঘোষণা দেয়। খবর এএফপির।
মার্কিন বিশেষ বাহিনীর এক সাঁড়াশি অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আশপাশে বিমান হামলা চালানোর সময় এই অভিযান পরিচালিত হয়। আটকের পর মাদুরো দম্পতিকে হেলিকপ্টারে করে সরাসরি নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারের গুরুতর অভিযোগ আনা হয়েছে।
মার্কিন পরিবহণ সচিব শন ডাফি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানান, বাণিজ্যিক বিমান চলাচলের ওপর আরোপিত প্রাথমিক নিষেধাজ্ঞাগুলো শনিবার রাত ১২টায় শেষ হয়েছে। এখন থেকে নির্ধারিত সময়সূচী অনুযায়ী বিমান চলাচল পুনরায় শুরু হতে পারে।
আরও পড়ুন : সাদ্দাম-নরিয়েগার পরিণতি হবে মাদুরোর?
ডাফি তাঁর পোস্টে লিখেছেন, বিমান সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে, তারা দ্রুত তাদের ফ্লাইটের সময়সূচী আপডেট করছে।
এর আগে শনিবার মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে ক্যারিবীয় আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি’ ও ‘চলমান সামরিক কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা ঝুঁকির’ কথা উল্লেখ করা হয়েছিল। ভেনেজুয়েলায় মাদুরো বিরোধী অভিযানের সময় বাণিজ্যিক বিমানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
আকাশসীমা খুলে দেওয়ার পর বাণিজ্যিক ফ্লাইটগুলো স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এই নজিরবিহীন সামরিক অভিযানের ফলে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। মাদুরোর আটকের পর ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে গভীর পর্যবেক্ষণ চালাচ্ছে বিশ্ব সম্প্রদায়।

এনটিভি অনলাইন ডেস্ক