ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা চান ট্রাম্প
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির ছেলে তার কাছে গ্রহণযোগ্য নন এবং তিনি মনে করেন ইরানের নতুন নেতৃত্ব এমন হওয়া উচিত, যিনি দেশটিতে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। খবর এএফপির।
ট্রাম্প আরও বলেন, ইরানে যদি যুক্তরাষ্ট্রের জন্য অনুকূল কোনো নেতৃত্ব প্রতিষ্ঠিত না হয়, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া মূলত দেশটির ধর্মীয় নেতাদের একটি পরিষদের মাধ্যমে নির্ধারিত হয়। ফলে যুক্তরাষ্ট্র কীভাবে এই প্রক্রিয়ায় সরাসরি ভূমিকা রাখতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, তিনি ইরানের সরকার পুরোপুরি উৎখাতের পরিবর্তে দেশটির ভেতর থেকেই এমন একজন নেতার সঙ্গে কাজ করতে আগ্রহী, যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হন।

এনটিভি অনলাইন ডেস্ক