ইরানের সঙ্গে চুক্তিতে এখনই রাজি নন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে এখনও প্রস্তুত নন তিনি।
স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সম্ভাব্য চুক্তির শর্তগুলো এখনও গ্রহণযোগ্য নয়।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে চায়, কিন্তু আমি এখনই তা করতে চাই না, কারণ শর্তগুলো এখনও যথেষ্ট ভালো নয়।
মার্কিন প্রেসিডেন্ট জানান, সম্ভাব্য কোনো চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত হতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের প্রতিশ্রুতি।
এর আগে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনাগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রয়োজনে সেখানে আবারও হামলা চালানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি দেশ যুদ্ধজাহাজ পাঠাতে পারে।
তিনি সম্ভাব্য অংশগ্রহণকারী দেশ হিসেবে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের নাম উল্লেখ করেন।
হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান সেখানে মাইন পেতেছে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা প্রণালিতে নিরাপত্তা জোরদার করবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর জবাবে ইরান বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক