হরমুজ প্রণালিতে শান্তি-স্থিতিশীলতার আহ্বান জাপানের
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বারোপ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের তথ্য অনুযায়ী, কোইজুমি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। খবর আল জাজিরার।
আলোচনায় হেগসেথ কোইজুমিকে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে জাপানে অবস্থানরত মার্কিন বাহিনীর উপস্থিতিতে কোনো পরিবর্তন হবে না।
হেগসেথ আরও বলেন, যুক্তরাষ্ট্র–জাপান জোটের প্রতিরোধ ও প্রতিক্রিয়া সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে কোইজুমি জানান, জাপান যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জাপানসহ মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক