ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব ডেমোক্র্যাটদের
মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব দাখিল করেছেন ডেমোক্র্যাট দলের সদস্যরা। ইরানকে দেওয়া হুমকির জেরে প্রায় ১০০ জন ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য প্রেসিডেন্টের পদ থেকে ট্রাম্পকে অপসারণের আহ্বান জানিয়েছেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।
কানেকটিকাটের প্রতিনিধি জন লারসন ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অপরাধ ও অসদাচরণের অভিযোগে ১৩টি অভিশংসন প্রস্তাব দাখিল করেছেন। এর মধ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘অপরাধমূলক বেআইনি কাজের’ অভিযোগও রয়েছে। অভিযোগে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও দেশটির নাগরিকদের বিরুদ্ধে পাল্টা হামলার পথ খুলে দিয়েছে এবং নাইন ইলেভেন ২.০ এর ঝুঁকি তৈরি করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ‘কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার ধারাবাহিকভাবে কেড়ে নেওয়া’ এবং ইরান ও ভেনিজুয়েলায় হামলার মাধ্যমে ‘হত্যা, যুদ্ধাপরাধ ও জলদস্যুতার মতো অপরাধ সংঘটনের’ অভিযোগ করেছেন কংগ্রেসের এই সদস্য।
জন লারসন অভিশংসন প্রস্তাবে ট্রাম্পের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে অবৈধভাবে সামরিকীকরণ এবং বেআইনিভাবে আটক করার জন্য যুক্তরাষ্ট্রের শহরগুলোতে অভিবাসন কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি করার অভিযোগ তোলেন। এ ছাড়া জাতি, বর্ণ বা রাজনৈতিক বিরোধিতার ভিত্তিতে নাগরিক বা অভিবাসীদের নির্বাসিত করা হয়েছে বলে অভিশংসন প্রস্তাবে উল্লেখ করা হয়।
কংগ্রেসম্যান লারসন এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের প্রতিটি শর্তই লঙ্ঘন করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
জন লারসন আরও বলেন, ইরানে চলমান অবৈধ যুদ্ধে শুধু মার্কিন পরিবারগুলোর জন্য জিনিসপত্রের দামই বাড়ছে না, এতে আমেরিকানদের প্রাণহানিও ঘটেছে। দিন দিন সে (ট্রাম্প) আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গেল লারসনের প্রস্তাবকে ‘শোচনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শপথ গ্রহণের আগে থেকেই ডেমোক্র্যাটরা তাকে অভিশংসন করার কথা বলে আসছে। কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বিকৃতমনা, দুর্বল ও অকার্যকর। এ কারণে তাদের জনপ্রিয়তার হার ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধেও অনুরূপ প্রস্তাব আনা হয়েছে। অ্যারিজোনার প্রতিনিধি ডেমোক্র্যাটিক দলের সদস্য ইয়াসামিন আনসারির প্রস্তাবে পিট হেগসেথের বিরুদ্ধে ‘বারবার শপথ এবং সংবিধানের প্রতি কর্তব্য লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে।
ইয়াসামিন আনসারি ইরানি বংশোদ্ভূত প্রথম ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য। এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা শুধু কংগ্রেসেরই আছে, কোনো বিপথগামী প্রেসিডেন্ট বা তার চাটুকারদের নয়।
ইয়াসামিন আনসারি আরও বলেন, হেগসেথ মার্কিন সেনাদের বেপরোয়াভাবে বিপদে ঠেলে দিয়েছে। ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে বোমা হামলাসহ বারবার সংঘটিত যুদ্ধাপরাধ এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করায় তাকে অভিশংসন এবং পদ থেকে অপসারণ করা হোক।
ইরানকে অশালীন ভাষায় হুমকি দেওয়ার জেরে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা ট্রাম্পকে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের দাবি জানান। বেশ কয়েকজন সিনেটরসহ কংগ্রেসের অন্তত ৮৭ জন ডেমোক্র্যেটিক সদস্য প্রকাশ্যে ট্রাম্পকে অপসারণের দাবি জানিয়েছেন।
তবে বর্তমান রিপাবলিকান দল নিয়ন্ত্রিত কংগ্রেসে অভিশংসনের প্রস্তাবগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতি অটল আনুগত্যের ভিত্তিতে মন্ত্রিসভা গঠন করেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক