বিশ্ব যখন সংকটের চূড়ায়, ট্রাম্প তখন ব্যস্ত খেলায়!
রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। চরম সংকটের মুহূর্তে নির্লিপ্ত থাকার এই উপমাটি ব্যবহার হয়েছে বহু ঘটনার প্রেক্ষাপটকে তুলে ধরতে। সময় বদলেছে, রোম এখন আর পুড়ছে না। তবে যুদ্ধের আগুনের আঁচ লেগেছে এখন পুরো বিশ্বে। নিরো বাঁশি না বাজালেও পুরো বিশ্বের শান্তিকে হুমকির মুখে ফেলে দিয়ে নির্লিপ্ততার নতুন এক আবহ যেন তৈরি করেছেন এই মুহূর্তে এই গ্রহের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ বিরতিকে স্থায়ী রূপ দিতে ও বিশ্ববাসীকে যুদ্ধের আগুন থেকে রক্ষায় আলোচনায় বসে ইরান ও মার্কিন আলোচকরা। মার্কিন ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল যখন ইরানের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে টানা ২১ ঘণ্টা দরকষাকষিতে ব্যস্ত, ঠিক তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় কাটাচ্ছিলেন ফাইটিং চ্যাম্পিয়নশিপের খেলা দেখে। খবর আলজাজিরার।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) ৩২৭-এর মূল ইভেন্টে লাইট হেভিওয়েট বিভাগে গতকাল শনিবার এক নতুন যুগের সূচনা হয়েছে। সাবেক চ্যাম্পিয়ন জিরি প্রোকাজকাকে পরাজিত করে ইউএফসি-র শূন্য থাকা লাইট হেভিওয়েট শিরোপাটি নিজের করে নিয়েছেন কার্লোস উলবার্গ।
এই লড়াইয়ে খাঁচার পাশেই (ক্যাজসাইড) বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আবহে প্রথম রাউন্ডের ৩:৪৫ মিনিটের মাথায় উলবার্গের একটি নিখুঁত ‘লেফট হুক’ সরাসরি প্রোকাজকার থুতনিতে আঘাত করে এবং নকআউটের মাধ্যমে তিনি অবিসংবাদিত চ্যাম্পিয়নশিপ বেল্টটি জিতে নেন।
প্রেসিডেন্ট ট্রাম্প যখন মায়ামির কেসেয়া সেন্টারে প্রবেশ করেন, তার সাথে ছিলেন ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট এবং ট্রাম্প পরিবারের কয়েকজন সদস্য। স্পিকারে কিড রকের গান বাজার তালে তালে ট্রাম্প তার আসনে বসেন। এখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার জন্য অপেক্ষা করছিলেন। কাছেই ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
সাবেক চ্যাম্পিয়ন অ্যালেক্স পেরেইরা শিরোপা ছেড়ে দিয়ে হেভিওয়েট বিভাগে চলে যাওয়ার পর এই লড়াইটি আয়োজিত হয়। পেরেইরা আগামী ১৪ জুন হোয়াইট হাউসে ‘ইউএফসি ফ্রিডম ২৫০’-এ অন্তর্বর্তীকালীন হেভিওয়েট শিরোপার জন্য লড়বেন, ওই দিনটি প্রেসিডেন্ট ট্রাম্পের ৮০তম জন্মদিন।
এই টুর্নামেন্টের কো-মেইন ইভেন্টে আজমত মুরজাকানভ পাওলো কস্তাকে একটি রাইট রাউন্ডহাউস কিক দিয়ে নকআউট করে তৃতীয় রাউন্ডের ১:২৩ মিনিটে জয় ছিনিয়ে নেন। জয়ের পর মুরজাকানভ ট্রাম্পের সাথে হাত মেলান এবং ট্রাম্প তার প্রশংসা করেন।
রাতের আরেকটি লড়াইয়ে জশ হোকিত এবং কার্টিস ব্লেডস একে অপরকে রক্তক্ষয়ী লড়াইয়ে পর্যুদস্ত করেন। ট্রাম্প বেশ উত্তেজিত হয়ে এই লড়াই দেখেন। হোকিত সর্বসম্মত সিদ্ধান্তে (২৯-২৮ পয়েন্টে) জয়ী হন।
হোকিতের জয়ের পর ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট সোশ্যাল মিডিয়ায় জানান, হোকিত এবং ডেরিক লুইসের মধ্যে একটি লড়াই ‘ইউএফসি ফ্রিডম ২৫০’-এর কার্ডে যোগ করা হয়েছে। ডানা হোয়াইটের মতে, ট্রাম্প নিজেই প্রশ্ন করেছিলেন কেন লুইস এই কার্ডে নেই। ডানা হোয়াইট তাৎক্ষণিকভাবে লুইসকে ফোন করে লড়াইয়ের প্রস্তাব দেন এবং হোকিতও এতে রাজি হন।
ডানা হোয়াইট ভিডিওতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এই লড়াইয়ের অর্ধেকটা তৈরি করেছেন, বাকি অর্ধেকটা জো রোগান। দুজনেই লড়াইয়ের জন্য রাজি হয়েছেন।’

এনটিভি অনলাইন ডেস্ক