ইরান যুদ্ধের প্রভাবে থমকে যেতে পারে বিশ্ব অর্থনীতি : আইএমএফ
ওয়াশিংটনে শুরু হওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকে উঠে এসেছে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক পূর্বাভাস। সংস্থাটির মতে, এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতির যে ক্ষতি হওয়ার ছিল, তা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। খবর আলজাজিরার।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, যদি এই যুদ্ধ আজই থেমে যায়, তবুও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে। তবে যদি এই সংঘাত দীর্ঘায়িত হয় এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বাড়তে থাকে, তবে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। সেক্ষেত্রে চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হার ২ শতাংশে নেমে আসতে পারে। একই সঙ্গে আগামী বছর মুদ্রাস্ফীতি ৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেতে পারে।
অর্থনৈতিক এই ধাক্কা সব দেশে সমানভাবে অনুভূত হবে না। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যুক্তরাষ্ট্রের তুলনায় উন্নয়নশীল দেশগুলোর ওপর এই যুদ্ধের প্রভাব পড়বে প্রায় দ্বিগুণ। জ্বালানি সংকট ও পণ্যের মূল্য বৃদ্ধির ফলে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে।
আইএমএফ সতর্ক করেছে, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। এটি কেবল পরিবহণ ব্যয়ই বাড়াবে না বরং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাবে।
বৈঠকে অংশ নেওয়া অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, কূটনৈতিকভাবে দ্রুত কোনো সমাধানে না পৌঁছালে বিশ্ব অর্থনীতি এক দীর্ঘমেয়াদী মন্দার কবলে পড়তে পারে, এই সংকট থেকে উত্তরণ সহজ হবে না।

এনটিভি অনলাইন ডেস্ক