যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিল ইরান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতা নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। আজ রোববার (১০ মে) পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিশ্চিত করেছে।
ইরনা জানায়, আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান। তবে এই জবাবে ইরান ঠিক কী বলেছে বা তাদের শর্তগুলো কী, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর বার্তা সংস্থা এএফপির।
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করায় মধ্যস্থতাকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকায় ইসলামাবাদ প্রস্তাব আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করছে। উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সংঘাতের ঝুঁকি এখনো বিদ্যমান।
গতকাল শনিবার (৯ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানিদের কাছ থেকে ‘খুব শিগগিরই’ জবাব পাওয়ার আশা করছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাবের মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরানের সমর্থন বন্ধ করার মতো শর্ত রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
অন্যদিকে, ইরান একটি ‘স্থায়ী সমাধান’ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দিচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক