ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে ভারতীয় রুপি
বিশ্ববাজারে ভারতীয় রুপির মানে বড় ধরনের ধস নেমেছে। বুধবার (১৩ মে) মার্কিন ডলারের বিপরীতে রুপির মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে নতুন রেকর্ড তৈরি করেছে। মূলত ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপ ভারতের মুদ্রাবাজারকে বিপর্যস্ত করে তুলেছে। খবর রয়টার্সের।
প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ৯৫ দশমকি ৭৯-এ পৌঁছেছে, যা আগের দিনের সর্বনিম্ন রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুপি ৫ শতাংশের বেশি মান হারিয়েছে, যার ফলে চলতি বছর এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সবচেয়ে খারাপ অবস্থানে থাকা মুদ্রায় পরিণত হয়েছে। মূলত রেকর্ড এই দরপতন ভারতীয় মুদ্রাবাজারে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে।
রুপির এই ভয়াবহ পতনের পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে প্রধান হলো ইরান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে, যা ভারতের মতো বড় তেল আমদানিকারক দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে। এছাড়া স্বর্ণ ও রুপার আমদানিতে শুল্ক বাড়ালেও বৈদেশিক ঋণ পরিশোধ এবং আমদানিকারকদের ডলারের অতিরিক্ত চাহিদার কারণে রুপির মান ধরে রাখা সম্ভব হচ্ছে না। পাশাপাশি জ্বালানি সংকটের ফলে প্রবৃদ্ধির হার কমার শঙ্কা ও মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ রুপির ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) যদি মাঝেমধ্যে বাজারে হস্তক্ষেপ না করত, তবে রুপির মান আরও নিচে নেমে যেত।
আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, মুদ্রাস্ফীতির চাপ স্থায়ী হলে কেন্দ্রীয় ব্যাংক কঠোর পদক্ষেপ নিতে পারে। তবে রুপির মান রক্ষা করতে সুদের হার বাড়ানোকে এখনো ‘শেষ উপায়’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
ডিবিএস-এর অর্থনীতিবিদ রাধিকা রাওয়ের মতে, রুপির মানের এই পতন রুখতে হলে হয় তেলের দাম কমতে হবে অথবা বৈদেশিক বিনিয়োগ পুনরায় বাড়তে হবে। অন্যথায় বছর শেষে ডলারের বিপরীতে রুপির মান ৯৬.৮০ পর্যন্ত নেমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বার্কলেজের বিশ্লেষকরা।

এনটিভি অনলাইন ডেস্ক