‘ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে’ ট্রাম্পের মন্তব্যের পর কমল তেলের দাম
ইরানের সঙ্গে চলমান সংঘাত ‘খুব দ্রুত’ শেষ হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আজ বুধবার (২০ মে) এই খবর ছড়ানোর পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে। খবর ব্যারন’স।
তেহরানের সঙ্গে সংঘাত মেটানোর ক্ষেত্রে সম্ভাব্য অগ্রগতির বিষয়ে ট্রাম্পের এই ইতিবাচক মন্তব্যের পর ইউরোপীয় বাজারে ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১০৯.৭১ ডলারে নেমে আসে। এটি আগের দিনের তুলনায় প্রায় দুই ডলার কম।
তেলের পাশাপাশি আজ বিশ্ববাজারে স্বর্ণের দামেও কিছুটা পরিবর্তন এসেছে, অন্যদিকে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারগুলোর সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। এই পরিস্থিতি প্রমাণ করে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা ও বিশ্ব বাণিজ্য পথ বন্ধ হওয়া নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ অনেকটাই কমেছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিশ্ব শেয়ার বাজার ও তেলের বাজার এখন পুরোপুরি যুক্তরাষ্ট্র ও ইরানের পরিস্থিতির ওপর নির্ভর করছে। বিশেষ করে, বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রধান পথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে যেকোনো খবর আসার সঙ্গে সঙ্গেই বাজারে বড় ধরনের ওঠানামা দেখা দিচ্ছে।
ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইরান একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে ‘খুবই আগ্রহী’। তিনি আশা প্রকাশ করেন, এই সংঘাত ও তেহরানের পারমাণবিক বিরোধ খুব দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে।
অবশ্য চলমান উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ালে ‘আরও অনেক অপ্রত্যাশিত ঘটনা’ ঘটতে পারে।
উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তেল রপ্তানি ও আন্তর্জাতিক নৌপথগুলো বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্ব জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা চলছিল। ট্রাম্পের নতুন আশ্বাসের পর সেই অস্থিরতা কিছুটা কমতে শুরু করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক