ইরানের সঙ্গে চুক্তির জন্য ‘তাড়াহুড়ো’ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের জন্য খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান ও যুক্তরাষ্ট্র—এমন জল্পনা-কল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মার্কিন আলোচনাকারীদের ইরানের সঙ্গে চুক্তির জন্য ‘তাড়াহুড়ো না করতে’ বলেছেন।
রোববার (২৪ মে) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘আলোচনা সুশৃঙ্খল এবং গঠনমূলকভাবে এগিয়ে চলছে এবং আমি আমার প্রতিনিধিদের চুক্তির জন্য তাড়াহুড়ো না করতে জানিয়েছি, কারণ সময় এখন আমাদের পক্ষে।’
পোস্টে ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, ‘একটি চুক্তি সম্পন্ন করা, অনুমোদিত করা এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর মার্কিন অবরোধ সম্পূর্ণ কার্যকর থাকবে।’
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে তেহরান অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেওয়ার পর, গত ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে।
ইরান যুদ্ধের বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষের বিরোধিতা জোরালো হওয়ার মুখে ট্রাম্পের এই মন্তব্যগুলো এলো। এদিকে, বেশ কয়েকজন বর্তমান ও সাবেক আইনপ্রণেতা এবং কর্মকর্তা চুক্তির সম্ভাব্য যেসব দিক ফাঁস হতে শুরু করেছে, সেগুলোর সমালোচনা করেছেন।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে ২০১৫ সালে যে পারমাণবিক চুক্তি করেছিলেন তার তীব্র সমালোচনা করে ট্রাম্প একই ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, ‘উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে।’
হোয়াইট হাউস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির কোনো দিক প্রকাশ না করলেও, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছিলেন, দুই দেশ একটি সমঝোতা স্মারক বা ১৪টি ধারা সম্বলিত এক ধরণের রূপরেখা চুক্তির কাছাকাছি রয়েছে এবং এটি এক ধরনের ‘সমঝোতার প্রবণতা’।
পরে শনিবার দিনের শেষ দিকে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, একটি চুক্তির জন্য অধিকাংশ বিষয়েই চূড়ান্ত আলোচনা হয়েছে তবে তা হতে হবে চূড়ান্ত অনুমোদনের সাপেক্ষে।’

এনটিভি অনলাইন ডেস্ক