‘ধুরন্ধর ২’-এর দাপটে কাঁপছে বক্স অফিস, ভাঙল কেজিএফের রেকর্ড
বলিউডে যেন নতুন এক ঝড়ের নাম রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর ২’। প্রথম সপ্তাহের আকাশছোঁয়া সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহের শুরুতেও এর গতি অটুট। রণবীর সিংয়ের এই সিনেমা ঘিরে ভারতজুড়ে উন্মাদনা তুঙ্গে। গতকাল সোমবার এই সিনেমার কালেকশন ছিল ১৯.২৬ কোটি টাকা। আদিত্য ধর পরিচালিত সিনেমাটি মুক্তির ১২ দিনে ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসে মোট কালেকশন ৮৬৬ কোটি টাকা। অর্থাৎ ৯০০ কোটির ক্লাব থেকে মাত্র কয়েক পা দূরে এই সিনমো।
এই সংগ্রহের মাধ্যমে রণবীর সিংয়ের সিনেমাটি দক্ষিণি সুপারস্টার যশের কাল্ট ব্লকবাস্টার সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর ভারতব্যাপী আয়কে (৮৫৯.৭০ কোটি) ছাপিয়ে গেছে।
বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, ধুরন্ধর ২ দেখতে হলে ভিড় উপচে পড়ছে। সোমবারেও ধুরন্ধর ২-এর বিজয়রথের চাকা থামল না। প্রথম সপ্তাহেই এটি ৬৭৪.১৭ কোটি রুপি আয় করে। দ্বিতীয় সপ্তাহের সোমবারেও এর আয়ের গতি ছিল চোখে পড়ার মতো। এদিন সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৯.২৬ কোটি (প্রাথমিক অনুমান)। ১২ দিন শেষে ভারতের বাজারে ‘ধুরন্ধর ২’-এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৬৬.১৩ কোটি রুপি। এর আগে এসএস রাজামৌলির ‘আরআরআর’ (৭৮২.২০ কোটি) এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ (৬৪৬ কোটি)-এর রেকর্ডও টপকে গেছে এই সিনেমা এবং পুষ্পা ২ (হিন্দি)-এর রেকর্ড ভেঙে দিয়েছে।
বর্তমানে সিনেমাটির পরবর্তী লক্ষ্যমাত্রা হলো ‘বাহুবলী টু’ (১,০৩০.৪২ কোটি) এবং ‘পুষ্পা টু’ (১,২৩৪.১০ কোটি)-এর রেকর্ড স্পর্শ করা।
সিনেমার সাফল্য ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে রণবীর সিং এবং অভিনেতা উদয়বীর সিন্ধুর সেই টানটান ‘বাথরুম সিন’। উদয়বীর জানিয়েছেন, রণবীরের সাথে এই দৃশ্যটি এতটাই তীব্র ছিল যে, শুটিংয়ের পর তিন রাত তিনি ঘুমাতে পারেননি। এই ছোট ছোট ডিটেইলস এবং দুর্দান্ত অভিনয়ই সিনেমাটিকে দর্শকদের কাছে এত জনপ্রিয় করে তুলেছে।
করাচির ল্যারি টাউনের আন্ডারওয়ার্ল্ড এবং পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জাসকিরাত সিং রঙ্গী’ চরিত্রটি কীভাবে ‘হামজা আলি মাজানি’ নামক দুর্ধর্ষ স্পাই হয়ে উঠল, সেই গল্প দর্শকদের মুগ্ধ করেছে। রণবীর সিংয়ের পাশাপাশি আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের উপস্থিতি সিনেমাটি যেন হয়ে উঠেছে পুরো কমার্শিয়াল প্যাকেজে। এছাড়া এই সিনেমায় বিশেষ চমক হিসেবে ইয়ামি গৌতমের উপস্থিতি দর্শকদের বাড়তি পাওনা।
রাজামৌলি থেকে শুরু করে আল্লু অর্জুন- ইন্ডাস্ট্রির সব নামি তারকারা এখন রণবীর সিং ও নির্মাতা আদিত্য ধরের প্রশংসায় পঞ্চমুখ। চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন, বর্তমান গতি বজায় থাকলে খুব দ্রুতই এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আয়ের নতুন উচ্চতা স্পর্শ করবে।

বিনোদন ডেস্ক