বিতর্কের মুখে ওবামা দম্পতির ‘মিম ভিডিও’ সরালেন ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাকে অত্যন্ত কুরুচিপূর্ণভাবে ‘বানর’ হিসেবে উপস্থাপন করা একটি মিম ভিডিও শেয়ার করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বর্ণবাদের অভিযোগে সমালোচনার ঝড় উঠলে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। খবর এএফপির।
ট্রাম্প দাবি করেন, তিনি ভিডিওটির শুধুমাত্র প্রথম অংশটি দেখেছিলেন এবং পুরো ভিডিওটি না দেখেই তা কর্মীদের হাতে দিয়েছিলেন পোস্ট করার জন্য। তিনি বলেন, ‘আমি শুধু প্রথম দিকটা দেখেছিলাম... পুরোটা দেখিনি। কর্মীরাও পোস্ট করার আগে সম্ভবত ভিডিওটি পুরোপুরি যাচাই করেননি। তবে ভিডিওটির বিষয়বস্তু বিশ্বাসযোগ্য মনে হওয়ায় সেটি শেয়ার করার নির্দেশ দিয়েছিলাম।
এর আগে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ নিজ একাউন্ট থেকে এক মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি মূলত ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ সংক্রান্ত একটি ‘মিম’ ছিল। ভিডিওটির শেষের দিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য বারাক ও মিশেল ওবামার মুখ দুটি বানরের শরীরের ওপর বসানো অবস্থায় দেখা যায়। সেই সময় আবহ সঙ্গীত হিসেবে ‘দ্য লায়ন স্লিপস টুয়াইট’ গানটি বাজছিল।
ভিডিওটি পোস্ট হওয়ার পর ডেমোক্র্যাট এবং এমনকি বেশ কয়েকজন জ্যেষ্ঠ রিপাবলিকান নেতাও একে ‘স্পষ্ট বর্ণবাদ’ বলে নিন্দা জানান। রিপাবলিকান সিনেটর টিম স্কট একে ‘হোয়াইট হাউস থেকে আসা সবচেয়ে বর্ণবাদী বিষয়’ বলে অভিহিত করেন। তীব্র চাপের মুখে প্রায় ১২ ঘণ্টা পর ভিডিওটি ট্রুথ সোশ্যাল থেকে সরিয়ে নেওয়া হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন কর্মী ‘ভুলবশত’ ভিডিওটি পোস্ট করেছিলেন।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাস যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক হিস্ট্রি মান্থ’ হিসেবে পালিত হয়। এই সময়ে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিয়ে এমন অবমাননাকর ভিডিও শেয়ার করায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট শুরুতে একে ‘ইন্টারনেট মিম’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে তা মুছে ফেলা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক