মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম মজুত কমাতে রাজি ইরান
মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে নিজেদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনতে বা আপস করতে প্রস্তুত ইরান। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি এই ইঙ্গিত দিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
গত ৬ ফেব্রুয়ারি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় পরমাণু আলোচনা শুরু হওয়ার পর রাভানচির এই মন্তব্য সামনে এল। তিনি জানান, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেনেভায় পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে। উল্লেখ্য, ওমানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্য ছিলেন রাভানচি।
পাশ্চাত্যের দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগে অভিযুক্ত করে আসছে। যদিও তেহরান সবসময়ই একে শান্তিপূর্ণ বেসামরিক কাজ বলে দাবি করেছে। বিবিসিকে রাভানচি বলেন, যদি আমরা তাদের (আমেরিকা) পক্ষ থেকে আন্তরিকতা দেখি, তবে আমরা একটি চুক্তির পথে এগোবো।
ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ‘মজুত কমাতে’ রাজি কি না— এমন প্রশ্নে রাভানচি বলেন, চুক্তি বাস্তবায়নে আমরা ছাড় দিতে প্রস্তুত। তবে ওয়াশিংটনকে অবশ্যই ইরানের ওপর চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে।
বর্তমানে ইরানের কাছে ৪০০ কেজিরও বেশি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হয়। এই মজুত দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব সরাসরি নাকচ না করে তিনি বলেন, ‘আলোচনায় কী হবে তা এখনই বলার সময় আসেনি।’
জিরো এনরিচমেন্ট বা শূন্য সমৃদ্ধকরণ প্রসঙ্গ :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের জন্য ‘জিরো এনরিচমেন্ট’ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়ে আসছেন। তবে রাভানচি স্পষ্টভাবে জানিয়েছেন, শূন্য সমৃদ্ধকরণের বিষয়টি এখন আর কোনো আলোচনার বিষয় নয়।
জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা
এদিকে ইরানের সংবাদ সংস্থা ‘ফারস’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, আগামী দফার আলোচনাগুলোতে ইরানের জ্বালানি খাতে সম্ভাব্য মার্কিন বিনিয়োগের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
উল্লেখ্য, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা ৩ দশমিক ৬৭ শতাংশ নির্ধারিত থাকলেও বর্তমানে ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক বোমা তৈরির জন্য সাধারণত ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়।

এনটিভি অনলাইন ডেস্ক